img

গ্র্যামি অ্যাওয়ার্ড-এর ৬৮তম আসরে নতুন রেকর্ড গড়লেন মার্কিন র‌্যাপার কেন্ড্রিক লামার। জে-জের রেকর্ড ভেঙে মোট ২৭টি গ্র্যামি জয় করে তিনি ইতিহাস সৃষ্টি করেছেন।  লস অ্যাঞ্জেলেসে স্থানীয় সময় রোববার (১ ফেব্রুয়ারি) রাতে অনুষ্ঠিত এই আসরে পাঁচটি গ্র্যামি জিতে তিনি র‌্যাপার হিসেবে সর্বাধিক গ্র্যামি অ্যাওয়ার্ডের মালিক হওয়ার রেকর্ড ভেঙেছেন। এর মাধ্যমে এতদিন জে-জের দখলে থাকা ২৫টি গ্র্যামির রেকর্ডকে পেছনে ফেললেন কেন্ড্রিক। 

এর আগে ৩৮ বছর বয়সি এই সুপারস্টার যখন অনুষ্ঠানে উপস্থিত হন, তখনও তার গ্র্যামির সংখ্যা ছিল ২২টি। ইতিহাস গড়তে দরকার ছিল আরও চারটি পুরষ্কার—আর রাতের শেষে তিনি জে-জেকে ছাড়িয়ে আরও এক ধাপ এগিয়ে যান। 

লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো অ্যারেনার এই রাতটিই ছিল কেন্ড্রিক লামারের, যিনি সবচেয়ে বড় বিজয়ী হিসেবে আবির্ভূত হন। লামার র‌্যাপ বিভাগগুলোতে আধিপত্য বিস্তার করেন, ‘জিএনএক্স’-এর জন্য সেরা র‌্যাপ অ্যালবাম, ‘টিভি অফ’-এর জন্য সেরা র‌্যাপ গান, ‘চেইনস অ্যান্ড হুইপস’-এর জন্য সেরা র‌্যাপ পারফরম্যান্স এবং এসজেডএ-এর সঙ্গে ‘লুথার’-এর জন্য সেরা মেলোডিক র‌্যাপ পারফরম্যান্স পুরস্কার জেতেন এই আমেরিকান র্যাপার। 

পুরস্কার গ্রহণের সময় বিনীত কণ্ঠে কেন্ড্রিক লামার বলেন, ‘আমি নিজের সম্পর্কে কথা বলতে ভালোবাসি না, আমি সেটা সঙ্গীতের মাধ্যমেই করি। হিপ হপ সবসময় টিকে থাকবে।’ তিনি আরও যোগ করেন, ‘আমরা সুন্দর স্যুট পরব, পাশাপাশি আমাদের সংস্কৃতিও আমাদের সঙ্গে থাকবে।’ 

এ সময় আরও মনোনয়ন পাওয়া পুশা টি এবং ক্লিপসের ম্যালিসকে তিনি তার ‘ভাই’ বলেও অভিহিত করেন। 

যদিও বর্ষসেরা অ্যালবাম পুরস্কারটি তিনি পুয়ের্তো রিকান র‌্যাপার ব্যাড বানির কাছে হাতছাড়া করেছেন। এরপরও রাতের প্রধান আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন কেন্ড্রিক লামারই। 

উল্লেখ্য, ২০১২ সালে ‘good kid, m.A.A.d city’ অ্যালবামের জন্য গ্র্যামিতে উপেক্ষিত হওয়া থেকে শুরু করে আজ ৬৬টি মনোনয়নের মধ্যে ২৭টিতে অ্যাওয়ার্ড ঘরে তুললেন কেন্ড্রিক লামার। এর মাধ্যমে সংগীতে কেন্ড্রিকের যাত্রা এখন র‌্যাপ ইতিহাসেরই অনন্য এক অধ্যায়। 

এই বিভাগের আরও খবর